ইসলামী আন্দোলন বাংলাদশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম নড়াইলের লোহাগাড়ায় ‘কলেজ ছাত্র কর্তৃক ফেসবুকে মহানবী (সা.)-কে অবমাননা ও সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার’ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, হামলাকারীরা আগামী জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে কারো এজেন্ডা বাস্তবায়নে কাজ করে থাকতে পারে।
আরও বলেন, বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে নষ্ট করতে ষড়যন্ত্রকারীরা নড়াইলে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে কাপুরুষোচিত মানবতাবিরোধী হামলার ঘটনা ঘটিয়েছে। এমন হামলা ও ভাঙচুরের ঘটনা ইসলাম সমর্থন করে না।
এক বিবৃতিতে সোমবার চরমোনাই পীর বলেন, নড়াইলের লোহাগাড়ার কলেজ ছাত্র আকাশ সাহা কর্তৃক ফেসবুকে মহানবীকে কটূক্তি করে অবমাননা ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও ভাঙচুর একই সূত্রে গাঁথা।
তিনি বলেন, জুমার নামাজের পর মুসল্লিদের বিক্ষোভের সময় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেনি। বিক্ষোভের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে স্বার্থান্বেষীরা হীনস্বার্থ হাসিলে স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ভাঙচুর করেছে। হামলাকারীরা আগামী জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে কারো এজেন্ডা বাস্তবায়নে কাজ করে থাকতে পারে।
পীর সাহেব চরমোনাই আরও বলেন, রাসুল (সা.)-এর অবমাননা ও সংখ্যালঘুদের ওপর হামলার স্ক্রিপ্ট কারা তৈরি করে ইসলাম ও দেশবিরোধী এ ন্যক্কারজনক ঘটনার পেছনে কলকাঠি নাড়ছে তাদের খুঁজে বের করতে হবে।
