চারিদিক থেকে বর্তমান সরকারের হুড়মুড় করে পড়ে যাওয়ার পরিস্থিতি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তাদের কোন ষড়যন্ত্রই আর কাজে আসবে না। তারা হুড়মুড় করে পড়ে যাবে। সেই পরিস্থিতি এখন চারিদিক থেকে দেখা যাচ্ছে। জনগণ এই সরকারের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ। জনগণ চারপাশ থেকে ধেয়ে আসছে। এই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।
রিজভী বলেন, অজানা আশঙ্কা থেকেই আজ সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে তাণ্ডব শুরু করেছে। যে সরকারের কোন ক্ষমতায় থাকার বৈধতা নেই, যাদের জনগণের কোন ম্যান্ডেড নেই তারা এখন পুলিশি আক্রমণ বিরোধী দলের ওপর চালিয়ে ক্ষমতায় থাকতে চাচ্ছে। নিজ দলের নেতা-কর্মীদের সন্ত্রাসী বানিয়েছেন, তাদের বেআইনি অস্ত্র দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের আক্রমণ করতে উদ্বুদ্ধ করছেন।
বিএনপির এই মুখপাত্র বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী বর্তমান সরকার গণতন্ত্রকে নিঃশেষ করেছেন বাক স্বাধীনতাকে নিরুদ্দেশ করেছে, কথা বলার স্বাধীনতা নিরুদ্দেশ করে একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে। যেহেতু দেশে এই রকম একটা পরিবেশ তৈরি করেছে তাহলে তারা কী নিয়ে জনগণের সামনে দাঁড়াবে। তাই তারা উন্নয়নের কথা বলে জনগণের সামনে ধোঁয়াশা তৈরি করতে চায়।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ ধৃষ্টতাপূর্ণ বক্তব্য রেখেছেন আওয়ামী লীগের একজন অখ্যাত নেতা। এর প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি ছিল, সেই কর্মসূচিকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে আসতে চেয়েছিলেন। সেই কারণে পুলিশ নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ ২০ থেকে ২২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
এ সময় দলটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ প্রচার সম্পাদক শামিমুর রহমান শামিম, নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
