জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

আপডেট : ১৯ জুলাই ২০২২, ০৪:১৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হয়েছে।

৩১ জুলাই শুরু হয়ে ৪ আগস্ট পর্যন্ত চলবে মূল ভর্তি পরীক্ষা। এরপর ৮, ১০ ও ১১ আগস্ট নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, ৩১ জুলাই কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট অন্তর্ভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ অন্তর্ভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ আগস্ট। এরপর গাণিতিক ও পদার্থ বিজ্ঞান বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) আওতাভুক্ত ‘এ’ ইউনিটর পরীক্ষা হবে ২ ও ৩ আগস্ট।

জীববিজ্ঞান অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে ৩ ও ৪ আগস্ট। বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ-জেইউ অন্তর্ভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা হবে ৪ আগস্ট।

এ ছাড়া ৮, ১০ ও ১১ আগস্ট নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘বি’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষা সকাল ৯টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত মোট ৫টি শিফটে হবে। ‘এ’ ইউনিটের পরীক্ষা প্রথম দিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৬টা ৪০ মিনিট পর্যন্ত ৬টি শিফটে এবং পরের দিন ৯টা থেকে ১০টা পর্যন্ত ১টি শিফটে হবে। ‘ডি’ ইউনিটের পরীক্ষা প্রথম দিন সকাল ১০টা ২৫ মিনিটে শুরু হয়ে ৬টা ৪০ মিনিট পর্যন্ত ৫টি শিফটে এবং পরের দিন সকাল ৯টা থেকে শুরু হয়ে ১২টা ৫০ মিনিট পর্যন্ত ৩টি শিফটে অনুষ্ঠিত হবে। ‘ই’ ইউনিটের পরীক্ষা দুপুর ১টা ৫০ মিনিটে শুরু হয়ে সোয়া ৪টা পর্যন্ত ২টি শিফটে হবে।

‘সি’ ইউনিট অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষার জন্য ৩ থেকে ৬ আগস্টের ভেতর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করতে হবে।

এবারও ভর্তি পরীক্ষায় ৫৫ মিনিটে ৮০টি প্রশ্নের উত্তর করতে হবে। পাস নম্বর ন্যূনতম ৩৩ শতাংশ। প্রতিটি প্রশ্নের মান সমান। আবার প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২০ নম্বর করে কাটা যাবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে ভর্তিচ্ছুর এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ’র ওপর ২০ নম্বর যোগ হবে। এভাবে ১০০ নম্বরের মূল্যায়ন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত