বিয়ের পর ১০ বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন শারমিন আক্তার নামে এক গৃহবধূ। গত সোমবার রাত ১২টার দিকে যশোর শহরের কুইন্স হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই চার নবজাতক ভূমিষ্ঠ হয়। তাদের মধ্যে দুজন ছেলে ও দুজন মেয়ে।
দীর্ঘদিন নিঃসন্তান থাকার পর একসঙ্গে চার সন্তান পেয়ে খুব খুশি মা শারমিন আক্তারসহ পরিবারের সদস্যরা। শারমিন যশোর সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী কুদ্দুস মোল্লার স্ত্রী। চার মাস আগে তিনি বিদেশ যান।
প্রসূতি শারমিন আক্তার জানান, ২০১২ সালের ২৬ জুলাই কুদ্দুস মোল্লার সঙ্গে তার বিয়ে হয়। জরায়ুর সমস্যার কারণে তিনি সন্তান ধারণ করতে পারছিলেন না। সম্প্রতি তিনি অন্তঃসত্ত্বা হন। আগামী ১৯ আগস্ট তার সন্তান প্রসবের তারিখ ছিল। কিন্তু সোমবার প্রসব বেদনা ওঠায় তাকে হাসপাতালে নেন স্বজনরা। ওইদিন রাতে চিকিৎসক প্রতিভা ঘরাইয়ের তত্ত্বাবধায়নে তার চার সন্তানের জন্ম হয়।
ডা. প্রতিভা ঘরাই বলেন, চার নবজাতকের মধ্যে তিনজনের ওজন স্বাভাবিক আড়াই কেজি করে আছে। কিন্তু একজনের ওজন কম হওয়ায় তাকে যশোর আদ্-দ্বীন শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
