রাবির ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের চাপ

সিল্কসিটির ছুটি বাতিল

আপডেট : ২১ জুলাই ২০২২, ০১:২৯ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আগামী রবিবারের সিল্কসিটি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ওইদিন ঢাকা থেকে যাত্রীদের নিয়ে সরাসরি রাজশাহী আসবে ট্রেনটি। শিক্ষার্থীদের চাপ সামলাতে অন্যান্য ট্রেনে বাড়তি কোচ দেওয়ারও প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। ২৫ জুলাই থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে তিন দিন। ভর্তি পরীক্ষা আগামী ২৫-২৭ জুলাই অনুষ্ঠিত হবে। প্রতিদিন চার শিফটে ১৮ হাজার করে ৭২ হাজার ভর্তিচ্ছু পরীক্ষার্থী।

ভর্তি পরীক্ষার সময়সূচি : বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পা-ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে। চার শিফটে এই ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টা থেকে শুরু হয়ে শেষ হবে ১০টায়। শুধু এই শিফটেই বিজ্ঞান ও অ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তৃতীয় শিফটের পরীক্ষা দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এবং সবশেষ বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চতুর্থ শিফটের পরীক্ষা নেওয়া হবে।

দ্বিতীয় দিন ২৬ জুলাই ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষাও চার শিফটে হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, দ্বিতীয় শিফট বেলা ১১টা থেকে দুপুর ১২টা, তৃতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চতুর্থ শিফটের পরীক্ষা হবে। প্রতি শিফটে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা ‘এ’ ইউনিটে পরীক্ষা দিতে পারবে।

শেষ দিন ২৭ জুলাই ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই অনুষদের পরীক্ষা তিনটি শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। যেখানে শুধু বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। দ্বিতীয় শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। সর্বশেষ তৃতীয় শিফটে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানবিক বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) পাওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত