ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোর্শেদ হাসান খানকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বাসা ছাড়ার ‘অন্যায্যভাবে’ নোটিশ প্রদান করায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সম্পর্কিত এক বিবৃতিতে তিনি বলেন, ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুসারে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রাখেন।
সেই অনুযায়ী বিভিন্ন সময় পত্রিকায় বিভিন্ন নিবন্ধ প্রকাশিত হতে থাকে। এরূপ একটি নিবন্ধের দায়ে অধ্যাপক মোর্শেদ হাসান খানকে অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়েছে। বিষয়টি সুরাহার জন্য তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন। যা এখনও আদালতে বিচারাধীন।
ফখরুল বলেন, বিষয়টি আদালতে চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই তাকে বাসা ছাড়ার নোটিশ দেয়া হয়েছে। উল্লেখ্য অধ্যাপক মোর্শেদ হাসানের ক্যানসার আক্রান্ত স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে বাসা ত্যাগের নির্দেশটি একটি অমানবিক আচরণ।
বিএনপি মহাসচিব অবিলম্বে এ ‘অমানবিক নির্দেশ’ প্রত্যাহার করার দাবি জানান।
