সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে আদালত প্রাঙ্গণের সুনামগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতি ভবনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মিজানুর রহমান খোকন। জেলার জগন্নাথপুর থানার গলাকাল গ্রামের ফটিক মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মিজানুর রহমান ও তার চাচাতো ভাই মাসুক মিয়ার সঙ্গে একই গ্রামের ফয়েজ মিয়াদের জমি নিয়ে বিরোধ ছিল।
এ নিয়ে একটি মামলাও আদালতে করেছিলেন তিনি। এ ছাড়া তার চাচাতো ভাই মাসুক মিয়াও ফয়েজ মিয়ার বিরুদ্ধে একটি প্রাণনাশের চেষ্টার ঘটনায় মামলা চলছিল।
বৃহস্পতিবার দুপুরে মিজানুর রহমান তার ভাই মাসুক মিয়ার সঙ্গে আসেন আদালতে।
এ সময় মিজানুর রহমানের দায়ের করা মামলার আসামি ফয়েজসহ ৪ জন আসামি মামলায় হাজিরা দিতে আসেন।
উভয় পক্ষ হাজিরা শেষে আদালত থেকে নামার পর সুনামগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতি ভবনের সামনে ৪ জন মিজানুর রহমানকে পেয়ে মাথা-বুকসহ বিভিন্ন জায়গা ছুরিকাঘাত করে।
এ সময় প্রত্যক্ষদর্শীরা আহত মিজানুর রহমানকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্থানীয় লোকজন আসামি ৩ জনকে পুলিশে সোপর্দ করা হয়।
সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সাঈদ জানান, উভয় পক্ষে পূর্ব বিরোধ ছিল তারই জেরে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
