ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করলেন অপু বিশ্বাস। এত দিন নায়িকা হিসেবে তাকে দেখেছেন দর্শক। এবার প্রযোজকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন তিনি। ২০২১-২২ অর্থবছরে ‘লাল শাড়ি’ সিনেমাটি সরকারি অনুদান পেয়েছে।
বুধবার (২০ জুলাই) প্রথম দফায় অপু অনুদানের চেক হাতে পান। তথ্য ও মন্ত্রণালয়ের সভাকক্ষে তার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। কেবল অপু নন, অনুদান পাওয়া অন্যদের হাতেও এদিন চেক তুলে দেওয়া হয়।
অনুদানের চেক গ্রহণ প্রসঙ্গে অপু গণমাধ্যমকে বলেন, ‘‘মন্ত্রণালয় থেকে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘লাল শাড়ি’র জন্য অনুদানের প্রথম চেক গ্রহণ করলাম। চলতি বছরই সিনেমা নির্মাণের কাজ শুরু করব। আশা করি, দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।”
নতুন ছবিটি ‘অপু-জয় প্রডাকশন হাউস’র ব্যানারে তৈরি হবে। তবে এখনই সিনেমার শিল্পীদের নাম প্রকাশ করতে চান না এই অভিনেত্রী। ‘লাল শাড়ি’ নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস। এর আগে একই পরিচালকের সঙ্গে ‘ছায়াবৃক্ষ’ নামের ছবিতে অভিনয় করেছিলেন এই শিল্পী।
