বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সিঙ্গাপুর বানানোর কথা বলে দেশকে আজিমপুর বানিয়ে ফেলেছে সরকার। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের মতো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই দেশত্যাগ করবেন না। আওয়ামী লীগের ওপর থেকে নিচ সবাই দেশত্যাগ করবেন।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘কটূক্তির’ প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এ সমাবেশের আয়োজন করে।
গয়েশ্বর বলেন, ‘শ্রীলঙ্কার ঘটনা বাংলাদেশে ঘটবে এটা আমি বলছি না। বাংলাদেশে যা ঘটবে তখন পৃথিবীর মানুষ শ্রীলঙ্কার ঘটনা ভুলে যাবে। কারণ অনেক মিথ্যা প্রতিশ্রুতি এ সরকার দিয়েছে। তারা বলেছে বাংলাদেশকে তারা সিঙ্গাপুর বানাবেন। এখন বাংলাদেশ আজিমপুরের কাছাকাছি আছে।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকার বিদ্যুৎ, গ্যাস ও পানির দাম বাড়িয়েছে। এর প্রতিবাদ যাতে না করেন এজন্য আওয়ামী লীগ বিএনপি নেতাদের গালি দেয়। আমাদেরকে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে। সেই কাজটাই এখন আমাদের জরুরি।’
