বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯ নেতার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল সিকদার, যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী রবিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ অজ্ঞাতনামা আরো অনেক আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আমি ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। গত ১৬/০৭/২০২২ তারিখ এবং ১৭/০৭/২০২২ তারিখে প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে ১ ও ২ নম্বর আসামির নির্দেশে। অন্যান্য এজাহারনামীয় আসামীসহ বিএনপি ও তাহার অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন এবং রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য প্রদান করে। তা ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আবু আহমেদ মন্নাফীকেও উদ্দেশ্যে করে একই ধরনের মানহানিকর বক্তব্য প্রদান করে। তাহাদের দ্বারা নির্দেশিত হইয়া ৬ নম্বর এজাহারনামীয় আসামি পাভেল সিকদারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউবে একই ধরনের মানহানিকর, উস্কানিমূলক বক্তব্য ও ভিডিও প্রচার করে।
