ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহের বিতর্কিত ছবি টুইটারে শেয়ার করায় চলচ্চিত্র নির্মাতা অবিনাশ দাশকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার মুম্বাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেই খবর আন্তর্জাতিক মিডিয়ায় আসে বৃহস্পতিবার।
জানা গেছে, অর্থপাচারের মামলায় গ্রেপ্তার পূজা সিংহালের সঙ্গে অমিত শাহের একটি ছবি সম্প্রতি টুইটারে শেয়ার করেন এ নির্মাতা।
অবিনাশ দাশ বলিউড ফিল্ম ‘আনারকলি অব আরাহ’ (২০১২) এবং নেটফ্লিক্স সিরিজ ‘শি’র জন্য বিশেষভাবে পরিচিত।
গুজরাট পুলিশ গত জুনে অবিনাশের নামে অভিযোগ করে। পুলিশের মামলায় বলা হয়, অমিত শাহের ভাবমূর্তি নষ্ট করতে এবং মানুষকে বিভ্রান্ত করতে ছবিটি পোস্ট করেন অবিনাশ দাশ।
গ্রেপ্তারি এড়াতে অবিনাশ গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু হাইকোর্ট তার আবেদন নাকচ করে দেন। পরে তিনি সুপ্রিম কোর্টে যান। আজ শুক্রবার সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি রয়েছে।
পুলিশের করা অপর মামলায় বলা হয়, অবিনাশ ফেসবুক ও ইনস্টাগ্রামে জাতীয় পতাকা গায়ে জড়ানো এক নারীর ছবি পোস্ট করেছেন। ভারতীয় আইনে জাতীয় পতাকা পোশাক হিসেবে গায়ে জড়ানো দণ্ডনীয় অপরাধ। সম্প্রতি ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের কারণে গ্রেপ্তার হওয়া দ্বিতীয় তারকা ব্যক্তি অবিনাশ দাশ।
এর আগে গত মাসে সাংবাদিক ও ফ্যাক্টচেকার মোহম্মদ জুবায়েরকে গ্রেপ্তার করা হয়। তাকে ২০১৮ সালের টুইট পোস্টের কারণে গ্রেপ্তার করা হলেও পরে তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা দায়ের হয়। অবশ্য, সব মামলায় বুধবার জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন তিনি তিহার জেল থেকে মুক্তি পান।
