নাটোরের নলডাঙ্গায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহান আলীকে (৫৪) ৩০ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গতকাল শনিবার ভোর ৬ টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামি শাহজাহান আলীর বাড়ি নলডাঙ্গা উপজেলার পশ্চিম সোনাপাতিল গ্রামে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় হাটিকুমরুল এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহান আলীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, ১৯৯২ সালে আসামি শাহজাহান পার্শ¦বর্তী এলাকার ফিরোজা নামে এক মেয়েকে বিয়ে করেন। বিয়েকে কেন্দ্র করে শাহজাহান আলী এবং একই এলাকার মাইক সার্ভিস ব্যবসায়ী শাহাদতের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একই বছরের ১৭ মে শাহাদত বারনই নদীতে গোসল করতে গেলে পূর্ব বিরোধের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে শাহজাহান তার হাতে থাকা ছুরি দিয়ে শাহাদতের বুকে আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন নিহতের ভাই সেকেন্দার আলী নাটোর সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা একমাত্র আসামি শাহজাহানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১৯৯৫ সালের ২৯ মে আদালত শাহজাহান আলীকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০০০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দেয়।
আসামি শাহজাহান দীর্ঘদিন ধরে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার পূর্ব কাটাবাড়ী এলাকায় পরিচয় গোপন করে সোহরাব হোসেন স্বপন নামে পরিচয় দিয়ে বসবাস করে আসছিল। এরপর গত ১০ বছর ধরে গাজীপুরে একটি গার্মেন্টস কারখানায় কাজ করছিল।
