মাদারীপুরে সন্ত্রাসীদের হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আহত

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০২:১৯ পিএম

মাদারীপুরের সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন মোল্লাকে (৫৪) কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কুলপদ্দি এলাকার ব্রিজের গোডাউনের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী।

আহত জাকির হোসেন মোল্লা মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকায় লতিফ মোল্লার ছেলে।

এ ঘটনার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন, জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহির মোল্লা জানান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন মোল্লা রাতে বাসায় ফিরছিলেন।

এ সময় কুলপদ্দি উপজেলা পরিষদের একটু সামনে যাওয়ার পরে আগে থেকে ওৎপেতে থাকা ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী দল হত্যার উদ্দেশ্যে রামদা, চাপাতি নিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করে।

এ সময় তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সরোয়ার হোসেন মোল্লায় বাড়িতে সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়।

পরে সরোয়ার হোসেন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে ফরিদপুর ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমরা ঘটনাটি শুনেছি। অপরাধীদের ধরার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত