সড়কে প্রাণ গেল ১৬ জনের

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৩:৫৭ এএম

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৬ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে গতকাল রবিবার সকাল ৭টার দিকে কুমিল্লার দেবীদ্বার সাহারপাড় এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রী-শ্যালিকাসহ এক ভূমি সহকারী কর্মকর্তা। রবিবার ভোর ৫টার দিকে টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে বাস ও ট্রাকের দুই চালক নিহত হয়েছেন।

বাসাইলে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকিবুল ইসলাম (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়।

সকালে মুন্সীগঞ্জের গজারিয়া ও শ্রীনগরে দুজন নিহত হয়েছে। ময়মনসিংহের ঈশ^রগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়। বরিশাল-ঢাকা মহাসড়কের ছয়মাইল এলাকায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫৫) প্রাণ হারিয়েছেন। কুড়িগ্রামে মাদ্রাসার সাবেক সুপারসহ দুজন নিহত হয়েছেন। গাজীপুরে পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছে আরও তিনজন। বিস্তারিত আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

কুমিল্লায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত : কুমিল্লার দেবীদ্বার সাহারপাড় এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল রবিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফেনী জেলার ভূমি সহকারী কর্মকর্তা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী (৫২), তার স্ত্রী জাহানারা আক্তার (৪৮) ও শ্যালিকা সালমা আক্তার নাজমা (৪৫)।

কালিহাতীতে বাস-ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২ : টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে বাস ও ট্রাকের দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাসাইলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত : টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকিবুল ইসলাম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। গত শনিবার বিকেলে উপজেলার কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাকিবুল টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভ্রাক্ষণকুশিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

মুন্সীগঞ্জে দুজন নিহত : মুন্সীগঞ্জের গজারিয়া ও শ্রীনগরে দুজন নিহত হয়েছে। এর মধ্যে গতকাল রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া মধ্যমকান্দি গ্রামে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে টিপু সুলতান (২৫) নামে এক কোরিয়াপ্রবাসী নিহত হন। তিনি গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।

এদিকে গতকাল দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও তিনজন গুরুতর আহত হয়েছে।  

ঈশ^রগঞ্জে দুজন নিহত : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গত শনিবার রাত দেড়টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ^রগঞ্জ ব্র্যাক অফিসের সামনে এক ট্রাক অপর ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে ট্রাকচালক আবদুল হালিম (৩০) ও হেলপার আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চালক আবদুল হালিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত হেলপারকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া ঈশ^রগঞ্জের হারুয়া বাজারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী বিশাল পরিবহনের একটি বাস ও কিশোরগঞ্জগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের চালক সাইফুল মারা যান।

বরিশালে নিহত ১ : বরিশাল-ঢাকা মহাসড়কের ছয়মাইল এলাকায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মাহিন্দ্রার চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। গতকাল রবিবার বেলা পৌনে ২টার দিকে বরিশালের ছয়মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

কুড়িগ্রামে মাদ্রাসার সাবেক সুপারসহ নিহত ২ :  কুড়িগ্রামে উলিপুরে অটোরিকশার ধাক্কায় মাদ্রাসার এক সাবেক সুপার নিহত হয়েছেন। তার নাম আব্দুল করিম (৭০)। গতকাল রবিবার বিকেলে বসার বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত করিম জোরসয়রায় হাট দাখিল মাদ্রাসায় সুপারের দায়িত্বে ছিলেন।

এদিকে রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের নাজিমখান পশ্চিমে বাছড়া বাজার সড়কের রাস্তা পারাপারের সময় ট্রলির ধাক্কায় নুরবানু (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি ওই ইউনিয়নের বাছড়া ম-লপাড়া এলাকার আমিনুল ইসলামের মা।

গাজীপুরে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত : গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় ট্রাকচাপায় দুই যুবক নিহত হয়। নগরীর কড্ডা ব্রিজের পশ্চিমপাড় বালুরগদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার জাঙ্গালিয়াপাড়া এলাকার সমন আলীর ছেলে মাসুদ হোসাইন (২০) এবং একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে রহুল হোসেন (২২)। নিহতরা একজন মোটরসাইকেল চালক এবং অপরজন আরোহী।

একই মহাসড়কের নগরীর নাওজোর রিয়াজ পেট্রলপাম্পের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী পিকআপের চাপায় হাজেরা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি নগরীর ইটাহাটা এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে গেছে। বাসন থানার ওসি মালেক খসরু খান বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত