রাজধানীতে আন্তঃবিশ্ববিদ্যালয় এবং কলেজসমূহের ইনডোর গেমস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ঢাকা স্কুল অব ইকোনমিকসের উদ্যোক্তা অর্থনীতি বিভাগ ও উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাবের আয়োজনে এ প্রতিযোগিতা হয়। দাবা, ক্যারম, লুডু, ডার্টবোর্ডসহ ১২টি খেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। বিশেষ অতিথি ছিলেন চ্যানেল২৪-এর ক্রীড়া সম্পাদক দিলু খন্দকার, জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার আব্দুল গাফফার এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসাইন। সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ এবং উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সমন্বয়ক প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী।
প্রধান অতিথির বক্তব্যে কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘উদ্যোক্তা অর্থনীতি বিভাগের কার্যক্রম আগামী দিনে দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখবে।’ এ সময় বিশেষ অতিথিরা উদ্যোক্তা অর্থনীতি বিভাগ সরকারের কর্মসংস্থান তৈরির কার্যক্রমের সঙ্গে তাল মিলিয়ে চলছে বলে ভূয়সী প্রশংসা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেতা মাজনুন মিজান। বিশেষ অতিথি ছিলেন উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রেহানা পারভীন এবং সারা তাসনিম। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন প্রভাষক শামীম আহমেদ, পররাষ্ট্রমন্ত্রীর এপিএস ইমদাদুল হক। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি উম্মুন নাহার আজমী।
ইনডোর গেমস প্রতিযোগিতায় ইমদাদুল হকের লেখা ‘সার্বিয়া শুভ্র শহরের দেশে’ নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
