হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়িত্বে থাকা প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেছেন, এখন থেকে এটা ফিক্সড করে দিতে হবে। যেমন দুটো বিমান ধাক্কা লাগল। এখানে বিমান তো একা একা ধাক্কা লাগাতে পারে না, এখানে তো অনেকেই ডিউটি করে। এটা ওয়ার্ক আউট করে প্রতিটি কাজের রেসপনসিবিলিটি ফিক্সড করতে হবে।
সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বৈঠকে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এখন থেকে এটা ফিক্সড করে দিতে হবে। বিমান তো একা একা ধাক্কা লাগতে পারে না, এখানে তো অনেকে ডিউটি করেন। এটা ওয়ার্কআউট করে প্রত্যেককে কাজের রেসপনসিবিলিটি ফিক্সড করতে হবে। ওই সময়ে ওই কাজে যারা রিলেটেড থাকবে, সবাইকে এর জন্য দায় বহন করতে হবে। কীভাবে তাদের কমপেনসেট করতে হবে এটা ফাইন্ড আউট করে কুইকলি ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, ধরেন ওইদিন ধাক্কা খেল। এক-দুজন তো আর জড়িত না। একজন পুশ করে একজন পাইলট থাকে বা গার্ড থাকে ও ক্লিয়ারেন্স দেয়, ট্রাফিকে যারা থাকে তাদের সবাইকেই শোকজ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ জুন রাত ৯টায় হযরত শাহজালালে বিমানের একটি বোয়িং উড়োজাহাজকে হ্যাঙারে প্রবেশ করানোর সময় বাইরে দাঁড়িয়ে থাকা আরেকটি উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি বিমানই ক্ষতিগ্রস্ত হয়। তা ছাড়া গত ১০ এপ্রিল দুপুরে শাহজালালে দুটি উড়োজাহাজে ধাক্কা লাগে। দায়িত্বে অবহেলার জন্য বিমানের মুখ্য প্রকৌশলী মোহাম্মদ বদরুল ইসলাম, প্রকৌশলী মাইনুল ইসলাম, সৈয়দ বাহারুল ইসলাম ও সেলিম হোসেন খান এবং জিএসই অপারেটর মো. হাফিজুর রহমানকে বরখাস্ত করা হয়।
