দ্বিতীয় অধ্যায় : পরিবেশ দূষণ
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. মাটি কীভাবে দূষিত হয়?
উত্তর : বিভিন্ন ক্ষতিকর বস্তু মাটিতে মিশে মাটি দূষিত হয়। কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার কীটনাশক, গৃহস্থালি ও হাসপাতালের বর্জ্য, কল-কারখানার রাসায়নিক বর্জ্য মাটিতে মিশে মাটিকে দূষিত করে।
২. মাটি দূষণের ক্ষতিকর প্রভাব কী?
উত্তর : মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয়। গাছপালা মারা যায়। ফলে পশুপাখির আবাসস্থল নষ্ট হয় এবং মারা যায়। দূষিত মাটিতে উৎপাদিত ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষ ক্যানসারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়, স্বাস্থ্যহানি ঘটে।
৩. কীভাবে শব্দদূষণ হয়?
উত্তর : বিনা প্রয়োজনে উচ্চস্বরে যানবাহনের হর্ন বাজানো, গান বাজানো, কল-কারখানায় বড় বড় যন্ত্রপাতির ব্যবহারের ফলে শব্দদূষণ ঘটে।
৪. শব্দদূষণের ক্ষতিকর প্রভাব কী?
উত্তর : শব্দদূষণের ফলে মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি হয়। এর ফলে অবসন্নতা, শ্রবণশক্তি হ্রাস, ঘুমে ব্যাঘাত, কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি সমস্যা সৃষ্টি হয়।
