জামিন নামঞ্জুর

ডিআইজি মিজানের মামলা নিষ্পত্তিতে ৬ মাস সময়

আপডেট : ২৬ জুলাই ২০২২, ০৭:০৪ এএম

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় উচ্চ আদালতে জামিন পাননি পুলিশের বরখাস্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এ মামলায় তাকে জামিন না দিয়ে মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে ঢাকার সংশ্লিষ্ট বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

গতকাল সোমবার বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম দেশ রূপান্তরকে উচ্চ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০১৯ সালের ২৪ জুন মিজানুর রহমান, তার স্ত্রী সোহেলিয়া আনার রতœাসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক। তদন্ত করতে গিয়ে দুদক কর্মকর্তা (বর্তমানে বরখাস্ত) খন্দকার এনামুল বাছির মিজানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ ওঠে। পরে পুলিশের ডিআইজির পদ থেকে মিজানকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘুষ লেনদেনের মামলায় মিজানের তিন বছর ও বাছিরের আট বছরের সাজা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত