পদ্মা সেতু নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন

আপডেট : ২৭ জুলাই ২০২২, ০৪:৪৩ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সম্পাদিত ‘আমাদের অর্থে আমাদের পদ্মা সেতু’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল  রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে গ্রন্থটির প্রকাশনা প্রতিষ্ঠান চন্দ্রাবতী একাডেমি আয়োজিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

‘আমাদের অর্থে আমাদের পদ্মা সেতু’ গ্রন্থটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেছেন এ গ্রন্থের সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট, এ বিষয়ে অভিজ্ঞ এবং বিশিষ্টজনদের সাক্ষাৎকার, প্রবন্ধ, কবিতা ও গান গ্রন্থটিতে সন্নিবেশিত হয়েছে। এগুলোর মধ্যে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত দুটি ভাষণ, বিশিষ্টজনদের লেখা ৫১টি প্রবন্ধ, ১০টি কবিতা ও ছড়া, ৩টি গান ও ৪টি সাক্ষাৎকার রয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থটির প্রকাশক, চন্দ্রাবতী একাডেমির স্বত্বাধিকারী কামরুজ্জামান খন্দকার কাজল। অনুষ্ঠানের শুরুতে পদ্মা সেতু বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে গ্রন্থটিতে প্রকাশিত প্রবন্ধের লেখকরা, সরকারি ও বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত