আর কখনো বিকৃত করে নজরুল ও রবীন্দ্র সঙ্গীত গাইবেন না এবং অনুমতি ছাড়া পুলিশের পোশাক ব্যবহার করবেন না বলে মুচলেকা দিয়েছেন আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম। আজ বুধবার তিনি পুলিশের কাছে এমন মুচলেকা দিয়েছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, হিরো আলমের বিরুদ্ধে ডিবি সাইবার ক্রাইম বিভাগের কাছে অনেক অভিযোগ এসেছে। এই প্রেক্ষিতে আজ তাকে ডাকা হয়। পুলিশের যে ড্রেস, যে প্যাটার্ন, ডিআইজি, এসপি-র যে ড্রেস, তা না পরে কনস্টেবলের ড্রেস পড়ে তিনি ডিআইজি, এসপি-র অভিনয় করেন। ডিএমপি শিল্পী সমিতিকে বলেছে, পুলিশের পোশাক পরে অভিনয় করতে হলে অনুমতি নিতে হবে। কিন্তু হিরো আলম শিল্পী সমিতির সদস্যও না। অথচ তিনি অনুমতি ছাড়া পুলিশের পোশাক পরছেন। কনস্টেবলের ড্রেস পরে এসপি ডিআইজির অভিনয় করছেন। এটা তিনি জানেনও না।
তিনি আরও বলেন, হিরো আলম যেভাবে রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি করেছেন তাতে সেগুলো পুরোটাই চেঞ্জ (বিকৃত) করে দিয়েছেন। আমরা জিজ্ঞেস করেছি, আপনি এসব কেন করেন? তখন হিরো আলম আমাদের বলেছেন, আমি আর জীবনে এসব করব না। আমি আর পুলিশের পোশাক পরব না। রবীন্দ্র-নজরুল সঙ্গীতও বিকৃত করে গাইব না।
