নির্বাচনী সহিংসতায় ‘পুলিশের গুলিতে’ শিশু নিহত

আপডেট : ২৭ জুলাই ২০২২, ০৮:৫৭ পিএম

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে নির্বাচনী ফলাফল নিয়ে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশসহ অন্তত সাতজন। নিহত শিশুর বয়স আনুমানিক ছয় মাস।

বুধবার উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত শিশু মিডডাঙ্গী বাজার এলাকার বাদশাহর মেয়ে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোটের ফলাফল দেখতে শিশুকে কোলে নিয়ে রানীশংকৈল বাচোর ইউনিয়নে ভাংবাড়ি কেন্দ্রে যান ওই শিশুর মা। সেখানে ভোটে ফলাফলকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী জলিল-ফয়জুল ইসলামের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে গেলে ঘটনাস্থলে নিহত হয় শিশুটি। আহত হয় আরো সাতন।

তবে ঠাকুরগাঁও পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, রাবার গুলিতে কেউ মারা যাওয়ার কথা নয়। আমরা এখনো নিশ্চিত হইনি ওই শিশু কীভাবে মারা গেছে।

এ ব্যাপারে উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, নির্বাচনী সহিংসতায় একটি শিশু নিহতের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জলার রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও, বাচোর ও নন্দুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল চারটায়।

তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৭, মেম্বার পদে ৮৭ ও সংরক্ষিত মহিলা আসনের জন্য ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত