ঢাবিতে কম যোগ্য ব্যক্তিকে শিক্ষক হিসেবে নিয়োগের অভিযোগ

আপডেট : ২৮ জুলাই ২০২২, ০৮:২৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগে সহযোগী অধ্যাপক পদে আবেদনে উল্লেখিত শর্ত পূরণ না করলেও পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। 

মঙ্গলবারের সিন্ডিকেট সভায় ওই পদের নিয়োগ চূড়ান্ত করা হয়। জানা গেছে, সিলেকশন বোর্ডের আপত্তি সত্ত্বেও এক প্রার্থীকে নিয়োগ দেওয়ায় সিন্ডেকেট সভায় ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন সদস্য। 

তবে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের দাবি প্রক্রিয়া মেনেই সব করা হয়েছে।

২০২১ সালের ৮ নভেম্বর শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাফিক ডিজাইন বিভাগে সহযোগী অধ্যাপকের পদে দুজনকে স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। এ পদে নিয়োগের জন্য প্রার্থীদের অবশ্যই গ্রাফিক ডিজাইন বিষয়ে উচ্চতর যোগ্যতার অধিকারী হতে হবে। তাদের পিএইচডি কিংবা সমমানের ডিগ্রী থাকা বাঞ্ছনীয়। বিশ্ববিদ্যালয় কিংবা কোনো উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানে তাদের কমপক্ষে সাত বছরের শিক্ষাদান এবং গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। 

জানা গেছে, গ্রাফিক ডিজাইন বিভাগের দুটি পদের জন্য মোট পাঁচজন আবেদন করেন। তারা হলেন ড. সীমা ইসলাম, ড. ফারজানা আহমেদ, মো. হারুন অর রশিদ, ভদ্রেশু রীটা। তাদের সবাই ওই বিভাগের সহকারী অধ্যাপক। এ ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন সিদ্ধার্থ দে আবেদন করেন। আবেদনকারী এ পাঁচজনের মধ্যে দুজনের পিএইচডি ডিগ্রি আছে। 

গত ৪ জুলাই উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে নিয়োগ বোর্ড বসে। বোর্ডের অন্য সদস্যরা হলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, অধ্যাপক ড. ফরিদা জামান, অধ্যাপক রফিকুন নবী , অধ্যাপক এফ এম কায়সার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অলক রায়। 

চারুকলা অনুষদের একটি সূত্র জানায়, গ্রাফিক ডিজাইন বিভাগের চার প্রার্থীর মধ্যে দুজনের পিএইচডি ডিগ্রি ছিল। অর্থ্যাৎ দুজন বিভাগ কর্তৃক উল্লিখিত পদের জন্য যোগ্য ছিলেন। কিন্তু ওই দুই পদে তাদের মধ্যে কেবল একজনকে সুপারিশ করা হয়। অপর পদে সিদ্ধার্থ দেকে সুপারিশ করে বাকিদের পদ পুন্যর্বিন্যাসের মাধমে পদোন্নতির সুপারিশ করা হয়। 

বোর্ডের একজন সদস্য জানান, সিলেকশনের নামের তালিকা করার আগে বোর্ডের সদস্যদের মতামত নিতে হয়। অথচ উপাচার্য কারো মতামত না নিয়ে নিজ ক্ষমতা বলে নামের তালিকা তৈরি করেন এবং সবাইকে সেখানে স্বাক্ষর করতে জোর করেন। অথচ তিনি এরকম করতে পারেন না। 

নাম প্রকাশ না করার শর্তে সিলেকশন বোর্ডের এক সদস্য বলেন, বিজ্ঞপ্তিতে পিএইচডি বাধ্যতামূলক ছিলে। ক্যান্ডিডেটদের মধ্যে বিভাগের দুজনের পিএইচডি ছিল। এর আগে সে আমাদের বিশ্ববিদ্যালয়ে লেকচারার পদে আবেদন করেছিল কিন্তু তাকে নেয়া হয়নি। 

এ দিকে নিয়োগ চূড়ান্ত করতে মঙ্গলবারের সিন্ডিকেট সভায় নিয়োগ বোর্ডের সুপারিশ উত্থাপন করা হলে এর সমালোচনা করেন কয়েকজন সিন্ডিকেট সদস্য।

এ বিষয়ে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. হুমায়ুন কবির বলেন, গ্রাফিক ডিজাইন বিভাগে দুই সহযোগী অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে সিদ্ধার্থ দে নামের এক প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা নিয়ে আমি সিন্ডিকেটে আপত্তি জানিয়েছি। আমি বলেছি এটা বিশ্ববিদ্যালয়ের জন্য মর্যাদাকর হবে না। 

তবে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের দাবি নিয়ম মেনেই সব করা হয়েছে। 

তিনি বলেন, গ্রাফিক ডিজাইন বিভাগে সিদ্ধার্থ দের নিয়োগ নিয়মানুযায়ীই হয়েছে। বোর্ড মেম্বররা আপত্তি জানিয়েছে কি না, সেটা আমার জানা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত