গোপালগঞ্জ জেলা শহরের গেটপাড়া খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা শহরের রংধনু স্কুলের ৫ম শ্রেণির ছাত্র ছিলো।
আজ শুক্রবার (২৯ জুলাই) দুপুরে গেটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলো-গেটপাড়ার বাসিন্দা সেলিম খন্দকারের ছেলে নাবিল খন্দকার আরমান (১২) ও একই এলাকার মফিজুর রহমান মীরের ছেলে হৃদয় মীর (১২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে তিন বন্ধু গেটপাড়া খালে গোসল করতে নামে। এর মধ্যে সাঁতার না জানায় আরমান ও হৃদয় পানি ডুবে যায়। এ সময় তাদের অপর বন্ধু আপনও (১১) পানিতে ডুবে গেলেও স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।
পরে স্থানীয়দের সতায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা অপর দুই বন্ধু আরমান ও হৃদয়কে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অসুস্থ আপনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
