করোনার ঢেউয়ের পর ঢেউ এবং চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউরোপের অর্থনীতিতে বিরূপ প্রভাব প্রকট হচ্ছে। ইউরোজোনে মুদ্রাস্ফীতির হার জুলাইতে ৮ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে। গত মাসে এই হার ছিল ৮ দশমিক ৬ শতাংশ। জার্মানি, স্পেনে মুদ্রাস্ফীতির জানান দিচ্ছে বাড়তে থাকা খাবারের দাম।
জুলাইতে জার্মানির মুদ্রাস্ফীতি পৌঁছেছে ৭ দশমিক ৬ শতাংশে। মিউনিখভিত্তিক ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চ (আইএফও) জানিয়েছে জার্মানির মুদ্রাস্ফীতি বছরের বাকি অংশে আবার কমতে শুরু করবে। কিন্তু খাবারের দাম এখনো বাড়তির দিকে।
আইএফও’র বিশেষজ্ঞ টিমো ভোলমারশেওয়েসার জানান, আতিথেয়তা (হসপিটালিটি), পর্যটন, সংস্কৃতি এবং বিনোদনের মতো খাতে নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে। বিশেষ করে খাদ্যপণ্যের দামে মুদ্রাস্ফীতি কমার লক্ষণ দেখা যাচ্ছে না।
অন্যদিকে ৩৮ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির মুখে স্পেন। স্পেনের জাতীয় পরিসংখ্যান দপ্তর জানিয়েছে, ১৯৮৪ সালের পর দেশটিতে এই জুলাইতেই ভোগ্যপণ্যের দাম দ্রুতগতিতে বেড়েছে। স্পেনের অর্থমন্ত্রী নাদিয়া ক্যালভিনো সতর্ক করে দিয়ে বলেছেন, মুদ্রাস্ফীতি এখন স্পেনের অর্থনীতির জন্য প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
