দিনাজপুরে ‘এমপির চাচার বিরুদ্ধে’ আদিবাসীদের ভূমি দখলের অভিযোগ

আপডেট : ৩১ জুলাই ২০২২, ১২:৪৫ এএম

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় স্বপ্নপুরী পিকনিক স্পটসহ নানা নামে আদিবাসীদের ভূমি জবরদখলের অভিযোগ করেছেন স্থানীয় আদিবাসী ও বাঙালির অভিযোগ পাওয়া গিয়েছে। সেখানকার বাঙালিদের জমিও দখলের আশঙ্কার কথা জানানো হয়েছে।

শনিবার দিনাজপুর প্রেসক্লাবে ভূমি জবরদখলের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলার আদিবাসী কয়েকটি পরিবার এ অভিযোগ করে।

আদিবাসী পরিবারগুলোর পক্ষে গণেশ হেমরম, উকিল হেমরম, রবেন মার্ডি, খুকুমনি হেমরম, লুইস হাসদা স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন সুজন টুডু।

তারা বলেন, আমাদের এলাকার সংসদ সদস্য শিবলী সাদিকের চাচা দেলোয়ার হোসেন স্বপ্নপুরীর আশপাশের এলাকার আবাদি জমিসহ বসতভিটা জবরদখল করে নিচ্ছেন। দীর্ঘদিন ধরে তারা পিকনিক স্পট এবং উন্নয়নমূলক কাজের নামে আদিবাসীদের শত শত একর ভূমি দখল করে চলছে। এই দখল কাজে তাদের নিজস্ব সন্ত্রাসীবাহিনী, এমপির ক্ষমতার মাধ্যমে স্থানীয় পুলিশ, প্রশাসন, ভূমি অফিসকে ব্যবহার করছে।

বক্তব্যে তারা অভিযোগ করেন, তাদের ৭৭.৬১ একর জমি স্বপ্নপুরীর মধ্যে দখল করেছে উল্লেখ করেছেন। আদিবাসী পরিবারগুলো তাদের জমির মালিকানা কিংবা জমি ফেরত চাইতে গেলে তাদের নানাভাবে হুমকি-ধমকি দেয়া হয়। প্রাণনাশসহ দেশত্যাগ করে ভারতে চলে যাওয়ারও জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে।

তারা আরও জানান, ওই এলাকার বাঙালিদের স্বপ্নপুরীর আশপাশে যে জমি-জমা রয়েছে সেগুলোও যেকোনো সময় বেদখল হয়ে যেতে পরে সেই আশঙ্কায় রয়েছে স্থানীয় লোকজন। গত কয়েক বছরে আদিবাসীদের শত শত একর জমি দখলের কারণে নিরুপায় ও ভীত-সন্ত্রস্ত হয়ে অনেকেই গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। এখনো অনেক পরিবার নানা ভয়ভীতি নিয়েই এলাকায় অবস্থান করছেন।

সংবাদ সম্মেলনে নবাবগঞ্জ এলাকার আদিবাসীদের অবস্থা তুলে ধরে তারা বলেন, নিজেদের বসতভিটা, আবাদি জমি, শ্মশান ফেরত এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন ও সকারের প্রতি আহ্বান জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত