মিরপুর বেড়িবাঁধে বাসের ধাক্কায় লেগুনার ২ যাত্রী নিহত

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৯:২০ পিএম

রাজধানী মিরপুর বেড়িবাঁধে যাত্রীবাহী বাসের ধাক্কায় লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। তারা হলেন, জুবায়ের (২২) ও রবিউল ইসলাম রুবেল (৩৭)। এই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

রবিবার দুপুর ২টার দিকে মিরপুর বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহআলী থানার ওসি আমিনুল ইসলাম জানান, বেড়িবাঁধে একটি বাস যাত্রীবাহী লেগুনায় ধাক্কা দেয়। আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। সেখানে যুবায়ের নামে একজন মারা যান। আর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। বাকি পাঁচজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনার পরপরই বাস ও লেগুনা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এর মধ্যে রবিউল ইসলাম রুবেল চিকিৎসাধীন বিকেল ৫টায় মারা যান। আহত মিলন গাজি চিকিৎসাধীন আছেন।

রুবেলের ভাগনে মো. বাবু জানান, রুবেলের বাবার নাম শাহজাহান মন্ডল। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বৈরাগীরচড় গ্রামে। সাভার পল্লিবিদ্যুৎ এলাকায় থাকতেন তিনি। ভাঙারির ব্যবসা করতেন। স্ত্রী আক্তার বানু, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে গ্রামে থাকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত