নরসিংদীর মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০২ আগস্ট) সকালে এ কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
এরআগে, সোমবার (০১ আগস্ট) বিকালে পৌরশহর সংলগ্ন হাজীপুর এলাকার মেঘনা নদীতে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই মিকুঞ্জ দাস (৪৫) ও সুমন দাস নামে দুই জেলে নিহত হন।
নিহত মিকুঞ্জ দাস সদর উপজেলার হাজীপুর নয়াপাড়া এলাকার মৃত মতি লাল দাসের ছেলে এবং সুমন দাস একই এলাকার ধিরাই চন্দ্র দাসের ছেলে।
স্থানীয়রা জানান, হাজীপুর এলাকার মিকুঞ্জ দাস ও সুমন দাসসহ মোট পাঁচজন জেলে প্রতিদিনের মতো সোমবার মেঘনা নদীতে মাছ ধরতে যায়। বিকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা নৌকাটি একটি বাঁশের খুটিতে বেঁধে নৌকার ভেতরে অবস্থান নেয়। এসময় বজ্রপাতে নৌকা থেকে মেঘনা নদীতে পড়ে গিয়ে জেলে সুমন দাস নিখোঁজ হয়। পরে স্থানীয়রা আহত মিকুঞ্জ দাসকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিখোঁজ সুমন দাসকে উদ্ধারের জন্য ডুবুরি দলকে খবর দেওয়া হলে ডুবুরি দল রাত পর্যন্ত চেষ্টা চালিয়েও খুঁজে পায়নি। মঙ্গলবার সকালে পুনরায় ডুবুরি দল কাজ শুরু করতে গেলে নদীতে ভাসমান অবস্থায় সুমন দাসের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে।
নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, সোমবার ঘটনাস্থলেই মারা যায় একজন এবং সুমন দাস নামে আরেকজন নদীতে নিখোঁজ ছিল। গতকাল রাত পর্যন্ত তাকে উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হয়ে সকালে পুনরায় উদ্ধার কাজ শুরু করতে গেলে নদীতে ভাসমান অবস্থায় নিখোঁজ সুমন দাসের মরদেহ দেখতে পাই আমরা। পরে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
