মৌলভীবাজারের কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের বাসটির সার্ভিস দুই বছর পর পুনরায় চালু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বাস সার্ভিসটি পরীক্ষামূলকভাবে চালু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৮ জুলাই দেশ রূপান্তরে ‘চালকের বেতন নেই কলেজ বাস বন্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। বাসটি চালু হওয়ায় কলেজপড়ুয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছে। তারা জানায়, বাস বন্ধের ফলে চা শ্রমিক সন্তানসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত দরিদ্র শিক্ষার্থীরা টাকার অভাবে কলেজে নিয়মিত ক্লাস করতে পারেনি। এতে অনেক শিক্ষার্থী ঝরেপড়ার শঙ্কাও তৈরি হয়েছিল।
