বজ্রপাতে নরসিংদীতে ২ জেলে কমলগঞ্জে কৃষকের মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০২২, ১১:৪৬ পিএম

নরসিংদী ও মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

নরসিংদীর মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার সকালে সুমন দাস (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর আগে গত সোমবার বিকেলে পৌরশহরসংলগ্ন হাজীপুর এলাকার মেঘনা নদীতে এ বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মিকুঞ্জ দাস (৪৫) নামে এক জেলে। ওই সময় জেলে সুমন দাস নদীতে নিখোঁজ হন।

নিহত মিকুঞ্জ দাস সদর উপজেলার হাজীপুর নয়াপাড়া এলাকার মৃত মতি লাল দাসের ছেলে এবং সুমন দাস একই এলাকার ধিরাই চন্দ্র দাসের ছেলে।

এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে আবদুল জহুর (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গোলেরহাওর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত জহুর ওই গ্রামের মৃত সায়েম উল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় হালকা বৃষ্টির মধ্যে বাড়ির পাশে কৃষিজমিতে কাজ করছিলেন জহুর। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুলেমান মিয়া বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত