কমলগঞ্জের একটি উচ্চবিদ্যালয়ে প্রবেশ করে দশম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে নাজিম মিয়া (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে শ্লীলতাহানির ঘটনা ঘটলে ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে থানায় মামলা করলে রাতেই উত্তর তিলকপুর গ্রাম থেকে নাজিমকে গ্রেপ্তার করা হয়। নাজিম উত্তর তিলকপুর গ্রামের তালেব মিয়ার ছেলে।
থানায় করা মামলা ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় বখাটে নাজিম ওই শিক্ষার্থীকে নানাভাবে উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। ঘটনার দিন মঙ্গলবার বিদ্যালয়ের টিফিন বিরতির সময় নাজিম বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় উঠে শ্রেণিকক্ষের সামনে এসে ওই শিক্ষার্থীর হাতে ধরে টানাহ্যাঁচড়া করে শ্লীলতাহানি করে। তখন চিৎকার করলে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে নাজিম পালিয়ে যায়। পরে বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে থানায় মামলা করে শিক্ষার্থী। এরপর রাতেই পুলিশ নাজিমকে আটক করে।
