কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক বলেছেন, ‘বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। বিএনপি ২০১৩ সাল থেকে জামায়াত-জঙ্গি-স্বাধীনতাবিরোধী কুচক্রীদের সঙ্গে নিয়ে সরকারকে ধাক্কা দিয়ে যাচ্ছে। কিন্তু সরকারকে নড়াতে সক্ষম হয়নি; বরং সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেই মুখ থুবড়ে পড়েছে।’
কৃষিমন্ত্রী গতকাল বুধবার দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আয়োজিত ‘বিদ্যমান শস্যবিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। বরিশাল ও খুলনা দুই বিভাগের কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক, কৃষিবিজ্ঞানীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারনে ইউরোপ-আমেরকিার মতো ধনী দেশগুলোতেও ব্যাপক মুদ্রাস্ফীতি চলছে। বাংলাদেশের তার কিছু প্রভাব পড়েছে, কিন্তু শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে অন্য দেশের চেয়ে আমরা অনেক ভালো আছি।’
