বার্সেলোনা ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগে রিকি পুইগ

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ০৪:১৭ পিএম

সাধারণত তারকা খেলোয়াড়দের ক্যারিয়ারের সায়াহ্নে দেখা যায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে। ফুটবল লিগ মেজর লিগ সকারকে (এমএলএস) তখন তারা বেছে নেন। তবে তিনিই বোধহয় ব্যতিক্রমী নজির সৃষ্টি করলেন। ক্যারিয়ারের শুরুতেই ইউরোপিয়ান ফুটবল ছেড়ে মার্কিন মুল্লুকে পাড়ি জামাচ্ছেন স্পানিশ মিডফিল্ডার রিকি পুইগ। ২২ বছর বয়সী এই তারকার নতুন ঠিকানা মার্কিন ক্লাব এলএ গ্যালাক্সিতে।

বুধবার রিকি পুইগের সঙ্গে চুক্তির বিষয়টি সম্পন্ন করে এলএ গ্যালাক্সি। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। তিন বছরের চুক্তিতে এলএ গ্যালাক্সিতে নাম লিখিয়েছেন রিকি পুইগ। বার্সেলোনার সাথে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পুইগকে দলে নিতে কোনো খরচ করতে হয়নি ক্লাবটিকে।

২০২২-২৩ মৌসুমের আগে ফ্রাঙ্ক কেসিকে দলে নিয়েছে বার্সেলোনা। এছাড়াও গাভি, নিকো গঞ্জালেস, পেদ্রিদের মতো উদীয়মান তরুণদের উত্থানে কোচ জাভির পরিকল্পনার বাইরে চলে গিয়েছেন রিকি পুইগ।

এলএ গ্যালাক্সিতে নাম লেখালেও রিকি পুইগের সামনে বার্সেলোনায় ফিরে আসার সুযোগ রয়েছে। তিন বছর পর তার সঙ্গে বার্সেলোনা আবার নতুন করে চুক্তি করতে পারবে এমন সুযোগ রেখেছেন কাতালানরা।

কাতালানদের ফুটবল একাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা রিকি পুইগ বার্সেলোনার হয়ে খেলেছেন ৫৬ ম্যাচ। এই সময়ে তার পা থেকে এসেছে ২ গোল ও ৩ অ্যাসিস্ট। সর্বশেষ ২০২১-২২ মৌসুমের বেশিরভাগ রিকি পুইগের জায়গা হয়েছেন কাতালানদের রিজার্ভ দলে। কাতালানদের হয়ে আলো ছড়াতে না পারা রিকি পুইগ এখনও খেলতে পারেননি জাতীয় দলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত