শুক্রবার থেকে ৪১ প্রেক্ষাগৃহে চলছে ‘হাওয়া’

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১০:২২ পিএম

সদ্য মুক্তিপ্রাপ্ত মেজবাউর রহমান সুমনের আলোচিত সিনেমা ‘হাওয়া’। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ অভিনীত সিনেমাটি এরই মধ্যে হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। সিনেমাটি প্রথম সপ্তাহে (২৯ জুলাই) দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে এসে এর প্রেক্ষাগৃহ দাঁড়ায় ৪১-এ। আজ (৫ আগস্ট) থেকে ৪১টি প্রেক্ষাগৃহে চলছে ‘হাওয়া’।

এদিকে, সিনেমা দেখার পর গল্প ‘নকল’র অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে। সিনেমাটি দেখে অনেকেই তাদের মতামত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। কেউ লিখেছেন সিনেমা নিয়ে তাদের ভালোলাগার কথা। কারওর অভিযোগ, কোরিয়ান সিনেমা ‘সি ফগ’র অনুকরণে সিনেমাটি বানিয়েছেন নির্মাতা।

তবে ‘নকল’ করার অভিযোগ অস্বীকার করেছেন সিনেমাটির নির্মাতা মেজবাউর রহমান সুমন। এ ছাড়াও সিনেমাটির বিরুদ্ধে আইন ভেঙে বন্যপ্রাণী খাঁচায় বন্দি ও হত্যার অভিযোগে উঠেছে ‘হাওয়া’ সিনেমার বিরুদ্ধে।

সমুদ্রে মাছ ধরার একটি ট্রলারকে ঘিরে এগিয়েছে ‘হাওয়া’র গল্প। এর সঙ্গে আছে মিথলজি ও সম্পর্কের অণুপ্রবেশ। সিনেমাটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত