জ্বালানির মূল্যবৃদ্ধি গোদের ওপর বিষফোঁড়ার মতো বলে মন্তব্য করেছেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
তিনি বলেছেন, সরকারের সীমাহীন লুটপাট দুর্নীতি ও অর্থপাচারের কারনে দেশের অর্থনীতি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। দফায় দফায় গ্যাস, বিদুৎ পানির মুল্যবৃদ্ধি, দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতির দংশনে জনগনের ত্রাহি অবস্থার মধ্যে কেরাসিন, ডিজেল, অকটেন ও পেট্রোলের মূল্য ৫১% বৃদ্ধিতে জনগণ দিশেহারা হয়ে পড়েছে।
জ্বালানি তেলের অস্বাভাবিক মুল্যবৃদ্ধির প্রতিবাদে আজ শনিবার (৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. ইরান বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রমাণ করে গত ১৫ বছরের জনগণের সম্পদ লুটপাট করে রাষ্ট্রীয় কোষাগার শূন্য হয়েছে। দেশে বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। গণতন্ত্র ও ভোটাধিকার কেড়ে নিয়ে গুম খুন অপহরনের মাধ্যমে দেশ আজ ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে।
রকিবুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপিনেতা বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, মেজর (অব.) সরোয়ার হোসেন, বাবু রামসাহা সুমন, মুসলীম লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, জিনাফ সভাপতি মিয়া মোঃ আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
