ফেনীতে ১৫শ লিটার চোরাই ডিজেলসহ তিনজন আটক

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১২:২৩ এএম

ফেনীতে ১ হাজার ৫০০ লিটার চোরাই ডিজেলসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার ভোরে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর রেললাইন ওভারব্রিজের নিচ থেকে এই তেল উদ্ধার করা হয়।

এ সময় ফেনীর শর্শদীর দক্ষিণখানের বাড়ি এলাকার মো. আব্দুল্লাহ (৫৫), উত্তর শর্শদীর ইউনুস মিয়ার বাড়ির মো. আবু তাহের (৩৪) ও সোনাগাজীর কুটিরহাটের বাদুরিয়া গ্রামের আব্দুর রহিমকে (২২) আটক করা হয়।

এ বিষয়ে শনিবার দুপুরে ফেনীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করা হয়। ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক শাহ্ মো. ফয়সাল আহম্মেদের নেতৃত্বে একদল পুলিশ শর্শদী ইউনিয়নের ফতেহপুর রেললাইন ওভারব্রিজের নিচে দক্ষিণখানের বাড়ি এলাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপসহ ৯ ড্রামভর্তি ১ হাজার ৫০০ লিটার ডিজেল উদ্ধার করে।

আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায়, তাদের সহযোগী শর্শদী ইউনিয়নের দক্ষিণখানের বাড়ির মো. হাসান আলী (৫২), মো. জিয়া উদ্দিন (৪৫), আব্দুল কাদের মিয়াসহ (৪৫) ট্রেনের গাডর্, চালক ও সিজিপিওয়াইর কিছু কর্মকর্তার যোগসাজশে ফেনীর শর্শদী স্টেশনের আউটার সিগন্যালের মূল পয়েন্টে থামার পরপরই ট্রেনের তেলের ট্যাংকে পাইপ লাগিয়ে ড্রামে করে তেল চুরি করে সিন্ডিকেটটি।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাদিয়া ফারজানা, থোয়াই অং প্রু মারমা, মাসকুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে ফেনী মডেল থানায় মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত