বিভিন্ন দলের প্রতিবাদ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০২:৩৪ এএম

বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমছে তখন দেশে বাড়িয়ে দিয়েছে সরকার। এর ফলে জনগণের ওপর অসহনীয় চাপ পড়বে। এভাবে দাম বাড়ানো অবিশ্বাস্য ও অকল্পনীয় আখ্যা দিয়ে রাজনৈতিক দলগুলো বলেছে, সরকার মাফিয়াদের টাকা পাচারে সহযোগিতা করার জন্য জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। দাম বাড়ানোর এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দলগুলো।

গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো পৃথক পৃথক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানিয়েছে সরকারবিরোধী একাধিক রাজনৈতিক দল। এর আগে শুক্রবার প্রায় মধ্যরাতে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে গণফোরামের তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জননিপীড়নের এই অবৈধ সরকার জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে প্রতিনিয়ত মুনাফেকি করে চলেছে। সপ্তাহখানেক আগে সরকারপ্রধান তার বক্তব্যে বললেন পেট্রল আর অকটেন আমাদের কিনতে হয় না, তাহলে গভীর রাতে আচমকা দাম বাড়ালেন কেন?’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘অবিশ্বাস্য ও অকল্পনীয়ভাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) এড়িয়ে চোরাগোপ্তা কায়দায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হয়েছে। আইএমএফকে খুশি করতে জ্বালানির মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত দেশবাসী মেনে নেবে না।’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষে জাতীয় নির্বাহী কমিটির মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ‘মাফিয়াদের অর্থ পাচারের জোগান জনগণের পকেট থেকে লুটপাট করতেই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার।’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) এক ভার্চুয়াল অনুষ্ঠানে দলের সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ‘ক্ষমতা ধরে রাখার স্বার্থে যেনতেন প্রকারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে সরকার জনগণকে বলি দিচ্ছে। অথচ দুর্নীতি ও অপচয় বন্ধ করেও বর্তমান ঘাটতি সমন্বয়ের শর্ত পূরণ করা যেত।’

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মহাসচিব  মোস্তাফিজুর রহমান মোস্তফা এক বিবৃতিতে বলেছেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শুধু জনগণের টাকা লুট করতেই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।’

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশের সভাপতি আব্দুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেছেন, ‘দুর্নীতি ও লুটপাটের বোঝা জনগণের কাঁধে চাপিয়ে দুর্বৃত্ত তোষণের রাজনীতি চলছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এক বিবৃতিতে বলেছেন, ‘এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে দেশ মহাসংকটে পড়বে। উন্নয়নের চাকা স্থবির হয়ে পড়বে।’ জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে দলটি আজ রবিবার বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ ডেকেছে।

ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন। দলটি আজ বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত