ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় মনির হোসেন (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ওসিসহ আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (০৭ আগস্ট) সকালে মহাসড়কের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর নামক স্থানে আব্দুল মোমেন গ্রুপের সামনে এই দুর্ঘটনা ঘটে।
মনির হোসেন ঢাকার ধামরাই উপজেলার কান্দাপাড়া গ্রামের মো. শাজাহান মিয়ার ছেলে।
পুলিশ জানান, রোববার সকালে গোড়াই হাইওয়ে থানার ইনচার্জ মোল্লা টুটুল, কনস্টেবল মনির হোসেন ও কনস্টেবল আলতাফ হোসেন পুলিশের গাড়িযোগে টহলে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বোর্ডঘর নামক স্থানে আব্দুল মোমেন গ্রুপের সামনে পৌঁছলে পেছন দিক থেকে দ্রুতগতির একটি বাস পুলিশের গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির পেছনে থাকা কনস্টেবল মনির হোসেন ছিটকে পড়ে আহত হন। গাড়ি ধুমরে মুচরে যায়। এসময় ওসি মোল্লা টুটুল ও চালক কনস্টবল আলতাফ হোসেন গাড়ির ভেতর চাপা পড়ে। পরে স্থানীয় লোকজন মনির হোসেনকে কুমুদিনী হাসপাতাল এবং মোল্লা টুটুল ও আলতাফ হোসেনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। মনির হোসেন কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা টুটুল জানান, সকালে গাড়িযোগে মহাসড়কে টহল দিচ্ছিলেন। কালিয়াকৈরের দিকে যাওয়ার পথে বোর্ডঘর নামক স্থানে আব্দুল মোমেন গ্রুপের সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি বাস আমাদের গাড়িতে ধাক্কা মারে। এতে কনস্টেবল মনির হোসেন ছিটকে পড়ে এবং তিনিসহ চালক ভেতরে আটকা পড়েন। তিনি বুকে ব্যথা পেয়েছেন। চালক আলতাফ হোসেনও আহত হয়েছেন। গাড়িটি ধুমরে মুচরে গেছে। স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করেছেন।
