না.গঞ্জে এক লাফে বাসভাড়া বাড়ল ২০ টাকা, যাত্রীদের ক্ষোভ

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০৫:২১ পিএম

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সুযোগে নারায়ণগঞ্জে বাস ভাড়া অস্বাভাবিক হারে বেড়েছে। শুধু ঢাকা-নারায়ণগঞ্জ রুটেই এক লাফে বাড়ানো হয়েছে ২০ টাকা। 

রোববার (৭ আগস্ট) সকাল থেকে বাড়তি ভাড়া আদায়কে কেন্দ্র করে যাত্রীদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ। সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত বাসভাড়া আদায়কে নৈরাজ্য বলে উল্লেখ করে অবিলম্বে সরকার নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি জানিয়েছেন যাত্রীরা।

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ঢাকা চলাচলরত বন্ধন ও উৎসব পরিবহন শনিবার সারাদিন ৪৫ টাকা হিসেবে ভাড়া আদায় করলেও রোববার সকাল থেকে সেই ভাড়া ৬৫ টাকা নির্ধারণ ও আদায় শুরু করে। একইভাবে চাষাড়া থেকে চলাচলরত এসি বাস শীতল পরিবহন পূর্বের ভাড়া ৬৫ টাকা হলেও রোববার সকাল থেকেই সেই বাড়া বৃদ্ধি করে ৮০ টাকা আদায় করছে। এছাড়া সরকারি পরিবহন বিআরটিসি পূর্বের ভাড়া ৪০ টাকার পরিবর্তে ৬০ টাকা আদায় করতে দেখা গেছে।

শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, ২ নম্বর রেল গেইট, চাষাড়া এলাকায় বাস কাউন্টারে লাইনে দাঁড়িয়ে টিকেট নিয়ে যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। 

যাত্রীরা বলেন, প্রতি লিটারে ডিজেলের দাম বেড়েছে ৩৪ টাকা আর যাত্রীপ্রতি আদায় করা হচ্ছে ২০ টাকা। এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তেলের দাম বৃদ্ধির পর সরকার যে ভাড়া নির্ধারণ করে দিয়েছে তার চেয়েও দ্বিগুণ ভাড়া আদায় করছে পরিবহনগুলো। এই নৈরাজ্য অবিলম্বে বন্ধ করা উচিত।

চাষাড়া বাস কাউন্টারের সামনে বাস যাত্রী আলী বলেন, ‘২০১১ সালে পরিবহন মালিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দূরত্ব ২১ কিলোমিটার দাবি করেছিলেন। পরে তারা সাড়ে ১৯ কিলোমিটার দাবি করেন। সে সময় বিআরটিসির চেয়ারম্যান, জেলা প্রশাসকের নেতৃত্বে বিআরটিএ প্রতিনিধি, পরিবহন মালিক প্রতিনিধি ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের প্রতিনিধি দল সরেজমিন মেপে রাজধানীর জিরো পয়েন্ট থেকে নারায়ণগঞ্জ বাস টার্মিনাল পর্যন্ত দূরত্ব পান সাড়ে ১৭ কিলোমিটার। ২০১৩ সালে মেয়র হানিফ ফ্লাইওভার হওয়ার পর দূরত্ব দুই কিলোমিটার কমে সাড়ে ১৫ কিলোমিটারে দাঁড়ায়।

যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের মতে, গত ৭ নভেম্বর তালিকা অনুযায়ী এই রুটের ভাড়া দাঁড়ায় টোল ছাড়া ৩০ টাকা ৬২ পয়সা। ফ্লাইওভারের টোল যোগ করলে হবে ৩৫ টাকা ৮২ পয়সা। কিন্তু যাত্রী প্রতি ভাড়া নেওয়া হয় ৪৫ টাকা করে। এখন আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোর পরে সেই ভাড়া ৬৫ টাকা করে নেওয়া হচ্ছে। 

বাড়তি ভাড়ার বিষয়ে শীতল ট্রান্সপোর্টের ডিরেক্টর ইব্রাহিম চেঙ্গিস বলেন, ‘আমাদের বিগত দিনের হিসেব অনুযায়ী বাসের মূল ভাড়া আসতো ৭০ টাকা। কিন্তু যাত্রীদের সুবাদে আমরা ভাড়া নির্ধারণ করেছি ৬৫ টাকা। আমরা হিসেব করে দেখেছি প্রায় ১০৪ টাকা ভাড়া আসে টিকেট প্রতি। কিন্তু আমরা বোধহয় এতটা বাড়াবো না। ভাড়া ৮০ টাকা করা হয়েছে।

তেলের চাইতে ভাড়া বাড়তি হবার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আগে আমাদের নারায়ণগঞ্জ থেকে গুলিস্থান যেতে তেল লাগতো ২০ লিটার। এখন সেখানে ২৪ এমনকি ২৮ লিটার তেল লাগে। জ্যামের কারণে এই বাড়তি অপচয়গুলো হচ্ছে। মানুষের কষ্ট হবে এটা বাস্তব, কিন্তু আমাদের তো তাহলে বাস বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই। তেলের দামের সঙ্গে মবিল, টায়ার, চাকা, পার্টস, স্টাফদের বেতন সব বাড়বে। সুতরাং বাধ্য হয়েই আমাদের ভাড়া বাড়াতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত