নগরকান্দা উপজেলায় পূজা উদযাপন পরিষদের সভায় হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরকান্দা উপজেলা পূজা উদযাপন পরিষদের নামে দুটি কমিটি রয়েছে। এক কমিটির সভাপতি বিধান চন্দ্র বিশ্বাস ও অন্যটির সভাপতি মনোরঞ্জন বিশ্বাস। এক উপজেলায় দুটি কমিটি থাকায় বিভিন্ন জটিলতা তৈরি হয়। এ জটিলতা সমাধানের জন্য ইউএনও দুপক্ষকে নিয়ে এ আলোচনা সভার আয়োজন করেন। উদ্দেশ্য ছিল দুপক্ষের বিবাদ মিটিয়ে সবার সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য একটি কমিটি গঠন করা। কিন্তু সভা চলাকালীন বিধান বিশ্বাস ও মনোরঞ্জন বিশ্বাসের সমর্থকদের কথাকাটাকাটি থেকে তা হাতাহাতিতে গড়ায়। পরে ইউএনও এবং উপস্থিত আনসার সদস্যরা তাদের নিয়ন্ত্রণ করেন। পরে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও এসএম ইমাম রাজি বলেন, ‘প্রতিদিনই দুপক্ষ একে অপরের বিরুদ্ধে নালিশ করতে আসে। কিন্তু হট্টগোলের কারণে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।’
নগরকান্দা পৌরসভার মেয়র ও পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নিমাই চন্দ্র সরকার বলেন, ‘ইউএনও সাহেবের একটি ভালো উদ্যোগ দুপক্ষ পন্ড করে দিয়েছে।’
