নারায়ণগঞ্জের ফতুল্লা থানা শ্রমিক লীগের সভাপতি পিয়াস আহম্মেদ সোহেলকে (৪৫) হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা। গতকাল রবিবার সকালে মোবাইল ফোনে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে তিনি গতকাল থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে তার ব্যবহৃত ০১৭১১৩৩০০৯৬ মোবাইল ফোনে ০৯৬৩৮০৪৪৩৭১ নম্বর থেকে ফোন করে তাকে গালমন্দসহ হত্যার হুমকি দিয়ে ২৫-৩০ সেকেন্ডের মধ্যে সংযোগটি কেটে দেওয়া হয়।
সোহেল জানান, ২০১২ সালের ২৭ আগস্ট রাত ১০টার দিকে আলীগঞ্জ স’মিল সড়কে তার নিজ বাড়ির গলিতে তাকে গুলি করে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। সে যাত্রায় বেঁচে গেলেও পঙ্গুত্বের জীবনযাপন করতে হচ্ছে তাকে। সে সময়ও সন্ত্রাসীরা তাকে প্রায় সময় মোবাইলে ফোন করে আক্রমণাত্মক কথা বলত। তাকে গুলি করার ২০-২৫ মিনিট আগেও মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছিল।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মোস্তফা কামাল খান জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
