গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে চাপাতি, চাকুসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন বাসন থানার পুলিশ। গতকাল রবিবার ভোরে গাজীপুর নগরীর জয়দেবপুর রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বাসন থানার ওসি আব্দুল মালেক খসরু খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম ওরফে নবাব (২৪), মোবারক হোসেন (১৯), মামুন (২৪), সিরাজুল ইসলাম সিফাত (২১), দেলোয়ার হোসেন ওরফে দেলু (২৮) ও রিপন মিয়া (২৮)।
ওসি মালেক খসরু খান জানান, রবিবার ভোরে গ্রেপ্তার ব্যক্তিরা বাসন থানার জয়দেবপুর থেকে চান্দনা-চৌরাস্তামুখী রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টাকালে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও চার-পাঁচজন পালিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি চাপাতি, দুটি চাকু ও ছয়টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় বাসন থানায় মামলা করা হয়েছে।
