কক্সবাজার পর্যটন জোনে টর্চার সেলের সন্ধান: আটক ১১

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০৭:০১ পিএম

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে টর্চার সেলের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে চারজনকে জিন্মিদশা থেকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। 

রোববার রাত ১১টা থেকে সোমবার ভোর ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে ১১ দালালকে আটক করা হয়।

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, কক্সবাজার শহরের কলাতলীর কটেজ জোন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু হয়। অভিযানে সাইনবোর্ড ছাড়া শিউলি কটেজ হিসেবে পরিচিত একটি প্রতিষ্ঠানে গেলে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। নানাভাবে তালা খুলতে বলার পরও খুলে না দেওয়ায় সেই তা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। ভেতরে দেখা যায়, সংঘবদ্ধ অপরাধীরা বিকল্প একটি পথে পালিয়ে যায়। এসময় একটি কক্ষে জিন্মিদশা থেকে উদ্ধার করা হয় চারজনকে। ওই কক্ষ থেকে নির্যাতন করার নানা উপকরণও জব্দ  করা হয়। 

উদ্ধারদের তথ্যমতে, সেখানে ৫/৬ জন ছেলে ও তিন নারী ছিল। দালালের মাধম্যে প্রলোভন দেখিয়ে পৃথকভাবে তাদের ওই কটেজে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রবেশ করার পর নারীদের সঙ্গে নানা আপত্তিকর ছবি তুলে মোটা অংকের টাকা দাবি করা হয়। আরো টাকার জন্য পরিবারকে জানাতে তাদের ওপর নির্যাতন চালানো হয়।

পুলিশ কর্মকর্তা জানান, আরো কয়েকটি কটেজে জিম্মি করে নির্যাতনের তথ্য রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। পরে কটেজ জোনে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের দালাল সদস্য ১১ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত