তিন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের একমাত্র রাস্তা বেহাল

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১১:১৭ পিএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের তুলাতুলী বাজার এলাকায় টংকাবতী খালের ভাঙনে যাতায়াতের একমাত্র তুলাতলী বাজার সড়কটির বেহাল দশা। ফলে এ সড়ক ব্যবহার করে স্থানীয় শিক্ষার্থীদের পার্শ^বর্তী উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর আমিরাবাদ এম বি উচ্চ বিদ্যালয় ও বার আউলিয়া ডিগ্রি কলেজে যাওয়া-আসা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীরা টংকাবতী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এ ভাঙন সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে খালের ভাঙনে গ্রামের কয়েকশ একর ফসলি জমি, সবজি ক্ষেত এবং শ্মশান বিলীন হচ্ছে।

সরেজমিনে জানা যায়, তুলাতুলী বাজার সংলগ্ন এ সড়কটির নাম ছিল আকবর ডি সি রোড। এটি ছিল ১০ ফুট চওড়া একটি পাকা সড়ক। এ সড়ক দিয়ে লোহাগাড়া থেকে তুলাতলী বাজার হয়ে সাতকানিয়া উপজেলায় মানুষ চলাচল করত। এ সংযোগ সড়কটি তুলাতলী বাজারে এসে খালের গর্ভে বিলীন হয়ে গেছে। এতে সাতকানিয়ার সঙ্গে লোহাগাড়ার সহজ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে সড়কটির পাশে ব্যক্তিমালিকানার জায়গার ওপর দিয়ে মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। এলাকার প্রায় ৫ শতাধিক পরিবার সড়কটি ব্যবহার করেন।                                                                                  

বৈরাগী পাড়া এলাকার প্রকৌশলী অঞ্জন কুমার দাশ জানান, এ সড়কটি এ এলাকার মানুষের একমাত্র চলাচলের পথ। সড়কটি খালের গর্ভে বিলীন হয়ে যাওয়ার পর একাধিকবার উপজেলা প্রশাসনকে অবহিত করলেও এটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস জানান, বর্ষাকালে এ সড়ক ব্যবহার করে খুদে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারে না।

আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এস এম ইউনুছ জানান, সড়কটি খালের ভাঙনে ভেঙে গেছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। তবে রাস্তা সংস্কারে এ পর্যন্ত এক টাকাও বরাদ্দ দেয়নি স্থানীয় প্রশাসন।

এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উল্ল্যাহ জানান, যদিও এটি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সংস্কারের ব্যবস্থা নিতে হবে। তার পরেও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে তুলাতলী বাজার সড়কটি পরিদর্শন করে সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত