ফেনী থেকে প্রকাশিত দৈনিক স্টার লাইন পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক বণিক বার্তার ফেনী প্রতিনিধি নুর উল্লাহ কায়সারকে কর্মস্থলে ঢুকে হত্যা করে লাশ গুমের হুমকি দিয়েছেন ফেনী সদর উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জেলা সভাপতি মফিজ উদ্দিন মুন্না। গত রবিবার রাতে ফেনী শহরের শহীদুল্লা কায়সার সড়কের দৈনিক স্টার লাইন পত্রিকার প্রধান কার্যালয়ে ঢুকে তিনি এ হুমকি দেন। এ ঘটনায় নুর উল্লাহ কায়সার ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সাংবাদিক নুর উল্লাহ কায়সার বলেন, রবিবার রাতে দৈনিক স্টার লাইন পত্রিকার প্রধান কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালন করছিলাম। এসময় যুবলীগ নেতা মুন্না অফিসে এসে একটি নিউজ প্রকাশের অনুরোধ জানালে তাকে বসতে বলি। এতে মুন্না ক্ষিপ্ত হয়ে আমাকে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে সে আমাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়।
হুমকির অভিযোগ অস্বীকার করে মফিজ উদ্দিন মুন্না বলেন, ‘নিউজ সংক্রান্ত বিষয়ে সামান্য মনোমালিন্য হয়েছে, তা ঠিক হয়ে যাবে।’
ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ‘হুমকির বিষয়টি তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
