‘তাইয়ানে আক্রমণের প্রস্তুতি হিসেবেই মহড়া চালাচ্ছে চীন’

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০৫:৩৬ পিএম

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ অভিযোগ করেছেন, তার দেশে আক্রমণের প্রস্তুতি হিসেবেই এখনো সামরিক মহড়া চালাচ্ছে চীন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আজ মঙ্গলবার তাইওয়ানের রাজধানী তাইপেতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জোসেফ উ।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে চীন সামরিক পদক্ষেপের অজুহাত হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন জোসেফ উ।

জোসেফ উ বলেন, ‘চীনের আসল উদ্দেশ্য তাইওয়ান প্রণালি ও পুরো অঞ্চলের স্থিতাবস্থা পরিবর্তন করা’।

চীনের তীব্র আপত্তি সত্ত্বেও গত সপ্তাহে পেলোসি তাইওয়ান সফর করেন। তার তাইওয়ান সফরে ক্ষুব্ধ হয় চীন। পেলোসির সফরের পর গত বৃহস্পতিবার তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শুরু করে চীন।

পূর্বঘোষণা অনুযায়ী, চীনের সামরিক মহড়া গত রবিবার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তা শেষ হয়নি। চীন এখনো তাইওয়ানকে ঘিরে মহড়া চালিয়ে যাচ্ছে।

চীনের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের সামরিক মহড়া আজও অব্যাহত আছে। এ মহড়ায় চীনা সামরিক বাহিনীর নৌ ও বিমানবাহিনী অংশ নিচ্ছে। ডুবোজাহাজ বিধ্বংসী তৎপরতা ও সামুদ্রিক হামলায় বেশি জোর দেয়া হচ্ছে এবারের মহড়ায়।

নতুন করে শুরু হওয়া এই মহড়ার স্থায়িত্ব ও স্থানের কথা এখন পর্যন্ত প্রকাশ করেনি চীন। বিশ্লেষকদের দাবি, এর মধ্য দিয়ে হয়তো তাইওয়ানকে দীর্ঘদিনের জন্য অবরুদ্ধ করতে চাইছে চীন। কারণ এই মহড়ার কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি।

বিশ্লেষকরা বলছেন, তাইওয়ানকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে সরাসরি সামরিক অভিযান না চালিয়ে বরং এভাবে টানা মহড়া চালিয়ে যেতে পারে চীন। এর মাধ্যমে তাইওয়ানকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ফেলে দিতে পারবে চীন।

স্বশাসিত তাইওয়ানে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পর গত বৃহস্পতিবার চীন তাইওয়ানকে ঘিরে ইতিহাসের সবচেয়ে মহড়া শুরু করে। মহড়ায় যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, এমনকি ক্ষেপণাস্ত্র পর্যন্ত ব্যবহার করেছে চীন। গত রবিবার সেই মহড়া শেষ হওয়ার কথা থাকলেও চীন আনুষ্ঠানিকভাবে মহড়া শেষ করার ঘোষণা না দিয়েই নতুন করে এই মহড়া শুরু করেছে।

আরও পড়ুন...

তাইওয়ানকে দীর্ঘদিনের জন্য অবরুদ্ধ করতে পারে চীন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত