বগুড়ায় স্কুল শিক্ষার্থী ফাহিম ফয়সাল শিশির (১৬) নিহতের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা-পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শাজাহানপুর উপজেলার সাজাপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মাদ আলী।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাজাপুর উত্তর ফকিরপাড়া এলাকার মৃত রোস্তম আলী আকন্দের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৫) এবং বেতগাড়ী এলাকার নূর আলমের ছেলে ওমর আলী (২২)।
গ্রেপ্তারকৃত মামুন ও ওমর এজাহারভুক্ত ১ ও ২নং আসামি। এছাড়াও মামলা আরও ৪/৫ অজ্ঞাত রয়েছে।
মঙ্গলবার সকালে শাজাহানপুর উপজেলার সাজাপুর বানারশি গ্রামের কচুক্ষেতে থেকে প্রায় অর্ধশতাধিক ছুরিকাঘাতের চিহ্নসহ ফাহিম ফয়সাল শিশিরের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ফাহিম উপজেলার সাজাপুর ফকিরপাড়া গ্রামের শাহাদাৎ হোসেন সাজুর ছেলে। তিনি বগুড়া সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
এ দিন নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সোমবার রাতে আশুরার মিলাদ শেষে বাড়ি ফেরেননি ফাহিম। স্থানীয় কিছু কিশোরদের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল।
এ বিষয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম জানান, স্কুল শিক্ষার্থী শিশির খুনের ঘটনায় তার মা জান্নাতী খাতুন শাপলা বাদী হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার প্রধান দুই আসামি মামুন ও ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
