মায়ের জন্মদিনে রূপঙ্করের বিতর্কিত পোস্ট

'তুমি বেঁচে থাকলে হয়তো ধর্ষণের হুমকি পেতে'

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০৫:১৩ পিএম

'হু ইজ কেকে' বিতর্কের ঝড় থেমেছে। তবে কেকের মৃত্যুর পর রূপঙ্করকে দায়ী করে সোশাল মিডিয়ায় প্রচণ্ড সমালোচনা হয়। নেটিজেনরা কটাক্ষ করতে ছাড়েননি তাঁর পরিবারের লোকজনকেও। রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছিলেন রূপঙ্কর। শোনা গিয়েছিল, কেকের মৃত্যু বিতর্ককে টেনে একের পর এক কাজও হারাচ্ছিলেন তিনি। শেষে, সংবাদ সম্মেলন ডেকে ক্ষমা চান।

তবে পুরনো ক্ষত এখনো সেরে ওঠেনি। ভেতরে জমা অভিমান তাই ফুটে উঠল নতুন ফেসবুক পোস্টে। মায়ের জন্মদিনে রূপঙ্কর বুকের ভেতর জমানো দুঃখ প্রকাশ্যে আনলেন সুরের মধ্যে দিয়ে। সেই পোস্টে রূপঙ্কর মায়ের উদ্দেশে যা লিখলেন, তা দেখেই চমকে উঠেছেন তাঁর অনুরাগীরা।

সম্প্রতি রূপঙ্কর বাগচী তাঁর ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। যেখানে তিনি তাঁর মায়ের উদ্দেশে গেয়েছেন একটি প্রিয় গান। সেই গান পোস্ট করে রূপঙ্কর ক্যাপশনে লিখলেন, 'মা, তোমার আজ জন্মদিন। তুমি যদি বেঁচে থাকতে তাহলে তোমার বয়স হতো ৭৩। ভালোই হয়েছে, তুমি আর নেই মা। না হলে এই বয়সে ধর্ষণের হুমকি পেতে হয়তো! কারণ তোমার ছেলের নাম রূপঙ্কর। এই গানটি তোমার প্রিয়। তাই তোমার জন্য।'

'হু ইজ কেকে!' বিতর্কের জের ধরে মিও আমোরের বিজ্ঞাপনী গান থেকে বাদ যান রূপঙ্কর। আসন্ন একটি বাংলা ছবি থেকেও বাদ দেওয়া হয় তাঁর গান। রূপঙ্কর যাই করেন, নেটিজেনরা তাঁকে কটাক্ষ করতে ছাড়েন না। ঠিক এমন সময়ই ইউটিউবারের গান চুরির অভিযোগে ফের বিপাকে পড়েন রূপঙ্কর। এই নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তাঁর কাছ থেকে।
সূত্র : সংবাদ প্রতিদিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত