ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০৫:৩৬ পিএম

দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হলো। 

এ সময়ে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৪ জনে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৭৩ জনই ঢাকার বাসিন্দা। এ সময়ে ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয় ১৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা সর্বমোট ৩৬৪ জনের মধ্যে ২৯০ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন সর্বমোট ৭৪ জন রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১১ আগস্ট) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন তিন হাজার ৪৯৮ জন। এর মধ্যে, ঢাকায় দুই হাজার ৯৩২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৫৬৬ জন।

সর্বমোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন তিন হাজার ১১৮ জন। তাদের মধ্যে ঢাকায় সর্বমোট ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা দুই হাজার ৬৩৬ জন এবং ঢাকার বাইরে সর্বমোট ছাড়প্রাপ্ত রোগী ৪৮২ জন। এদিকে, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৬ জন মারা গেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত