কক্সবাজারে সেমিনার

হাতির চলাচলের করিডর উন্মুক্ত রাখার তাগিদ

আপডেট : ১২ আগস্ট ২০২২, ১১:৪৩ পিএম

বিশ্বের বিভিন্ন দেশের মতো কক্সবাজারেও গতকাল শুক্রবার পালিত হয়েছে বিশ্ব হাতি দিবস। এর আগে গত বৃহস্পতিবার রাতে শহরের একটি হোটেলে আয়োজন করা হয় সেমিনারের। এতে হাতির আবাসস্থল ও পরিবেশ টেকসই, তাদের খাদ্য ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি চলাচলের করিডর উন্মুক্ত রাখতে গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশ্ব হাতি দিবস উপলক্ষে ‘আইইউসিএন বাংলাদেশ’ নামে হাতি নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠান এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে বক্তারা আরও বলেন, আবাসস্থল ধ্বংস, করিডর বন্ধসহ নানা কারণে এখন সংকটাপন্ন বন্য হাতি; বিশেষ করে রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের বিশাল বনভূমি ধ্বংস হয়ে যাওয়ার পর থেকে বন্য হাতির খাদ্য ও চলাচলে বাধা সৃষ্টি হয়েছে। এ কারণে মানুষের সঙ্গে হাতির দ্বন্দ্ব বৃদ্ধি পেয়েছে।

‘আইইউসিএন বাংলাদেশ’-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রাকিবুল আমিন বলেন, বর্তমানে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী ঘুমধুম আন্তর্জাতিক হাতির করিডর বন্ধ। ফলে হাতি মুক্তভাবে চলাচল করতে পারছে না। কক্সবাজার বনাঞ্চল এলাকায় ৪০ থেকে ৪৫টি বন্য হাতি খাদ্যাভাবসহ নানা কারণে সংকটাপন্ন।

কক্সবাজার বন বিভাগের দক্ষিণ বিভাগীয় কর্মকর্তা সারওয়ার আলম বলেন, ‘কক্সবাজার-বান্দরবান এলাকায় ৭০ থেকে ৮০টি হাতি রয়েছে। এসব হাতির চলাচল রোহিঙ্গাদের কারণে বাধাগ্রস্ত হয়ে পড়েছে।’

কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা বলেন, মানব-হাতি সংঘর্ষ প্রশমিত করার জন্য রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশে ‘জীববৈচিত্র্য সুরক্ষার জন্য মানবিক-সংরক্ষণ কর্ম’ নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত