ওয়েবিনারে বক্তারা

দেশে প্রতি ৫ জনের ১ জন উচ্চ রক্তচাপে আক্রান্ত

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০৩:৩৮ এএম

বাংলাদেশে প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজনের উচ্চ রক্তচাপ রয়েছে। জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, দেশে মোট তরুণের সংখ্যা ৪ কোটি ৫৯ লাখ। সে হিসাবে ৯১ লাখ ৮০ হাজার তরুণ উচ্চ রক্তচাপে আক্রান্ত। রাজধানীতে অনুষ্ঠিত এক ওয়েবিনারে এমন তথ্য জানিয়ে এই সংখ্যাকে উদ্বেগজনক বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ ও মৃত্যুঝুঁকি বেড়ে যায়।

গতকাল শনিবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে অ্যাডভোকেসি ও গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) ‘উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি এবং আমাদের যুব সমাজ’ শীর্ষক এই ওয়েবিনারের আয়োজন করে।

ওয়েবমিনারে বলা হয়, বাংলাদেশে তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। অস্বাস্থ্যকর ও মাত্রাতিরিক্ত ট্রান্সফ্যাট-যুক্ত খাবার গ্রহণ, খেলাধুলা ও কায়িক পরিশ্রমহীন জীবনযাপন, তামাকে আসক্তি এবং স্থূলতা প্রভৃতি কারণে তরুণদের মধ্যে এসব রোগের প্রকোপ বেশি দেখা যাচ্ছে।

ওয়েবিনারে তরুণদের সুরক্ষায় সব প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে উচ্চ রক্তচাপ চিকিৎসা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। এছাড়াও স্বাস্থ্যসম্মত জীবনযাপন যেমনÑ অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করা, ফাস্টফুড ও ট্রান্সফ্যাট-যুক্ত খাবার এড়িয়ে চলা, ধূমপান না করা, নিয়মিত ব্যায়াম ও শারীরিকভাবে সক্রিয় থাকার বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মত দেন বক্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত